ওশানগেটের কার্যক্রম স্থগিত

৮ জুলাই, ২০২৩ ১৭:২৮  

ডুবোযান টাইটানের নির্মাতা প্রতিষ্ঠান ওশানগেট সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। নিজস্ব ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

রহস্যে ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে আটলান্টিকের অতলে ডুব দেয় ডুবোযান টাইটান। যাত্রার মাত্র দেড় ঘণ্টার মাথায় সাবমারসিবলটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টানা ৭ দিনের চিরুনি অভিযান শেষে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে মার্কিন কোস্টগার্ড।

দুর্ঘটনার কিছুদিন পরই নতুন অভিযানে যাওয়ার বিজ্ঞাপন প্রচার করে টাইটানের নির্মাতা প্রতিষ্ঠান ওশানগেট। পাঁচ আরোহীর মর্মান্তিক মৃত্যুর পর আবারও অভিযানের বিজ্ঞাপন দেয়ায় তোপের মুখে পড়ে সংস্থাটি।

এ অবস্থার মধ্যে নতুন বিজ্ঞাপন দিয়ে নিজেদের সব গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার বিষয়টি জানালো ওশানগেট। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। যদিও কার্যক্রম বন্ধের কারণ সম্পর্কে কিছুই জানায়নি তারা। তবে ধারণা করা হচ্ছে সমালোচকদের তোপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি